Dhaka Mail Logo

সারাদেশ

বগি রেখে দুই কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে চলন্ত ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে রেল ক্রসিংয়ের ওপর আটকা পড়ে নয়টি বগি। এ সময় ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যাওয়ায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ও রেলপথে প্রায় আড়াই ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের একটি রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি কালীগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের সঙ্গে বগিগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ট্রেনের নয়টি বগি রেল ক্রসিংয়ের ওপর আটকা পড়ে। অন্যদিকে ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার সামনে চলে যায়।

রেল ক্রসিংয়ের ওপর বগিগুলো আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ওই রেলপথেও ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আটকা পড়েন ট্রেনের যাত্রীসহ কয়েক হাজার মানুষ।

পরে প্রায় আড়াই ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরিয়ে এনে বগিগুলোর সঙ্গে পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি রেল ক্রসিং থেকে সরিয়ে নেওয়া হলে মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় দীর্ঘ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও স্থানীয়রা।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি হাবিবুর রহমান বলেন, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে ইঞ্জিনটি ফিরিয়ে এনে বগির সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রতিনিধি/ এজে