জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন বলেন, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চান। এ নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।
এদিকে, এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/ এজে