জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের পৃথক দুটি আদেশের ভিত্তিতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন বাতিল করা হয়েছে। একই আদেশে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও সদস্যপদ হালনাগাদ কার্যক্রম শেষ করার পর নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা প্রণয়ন করবেন। এসব প্রক্রিয়া সম্পন্ন করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে দুই দফা নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও নানা কারণে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এসএস