Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৮ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের ৯ মাস। তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৪১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত নিশ্চিত হাম, হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেটে ৭১ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জন রয়েছেন।

প্রতিনিধি/এসএস