জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
দুই দিন সরকারি ছুটির সুযোগে শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র চুরি বা তছনছ হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে যেকোনো সময় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দাপ্তরিক কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা অফিস তালাবদ্ধ করে চলে যান। এরপর শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার জরুরি কাজে কার্যালয়ে এসে প্রধান দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তারা। এরপর কক্ষগুলোতে থাকা মালামাল যাচাই করে পাঁচটি তালা ভাঙার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
কর্তৃপক্ষের হিসাবে, চোরেরা কার্যালয় থেকে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ কোনো সরকারি নথিপত্রে হাত দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকেলে অফিস বন্ধ হওয়ার পর শনিবার সন্ধ্যায় কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে আসার আগের কোনো একসময় চুরির ঘটনা ঘটে। দুই দিন কার্যালয় বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা ভেতরে ঢুকে এসব মালামাল নিয়ে যায়।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, শনিবার সন্ধ্যায় আমাদের অফিস সহকারী বোরহান আমাকে ফোন করে জানান, অফিসের তালা ভাঙা। পরে এসে দেখি পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। তবে কোনো নথিপত্র তছনছ করা হয়নি।
তিনি আরও বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ অভিযোগ দিতে বলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির বিষয়টি তারা অবগত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি