Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় ডেঙ্গুতে ৬০ বছরের ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হুমায়ুন কবির (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল (২৬ সেপ্টেম্বর) শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়ভাবে জানা গেছে, চলতি বছরে কুমিল্লায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

হুমায়ুন কবির দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের মৃত শামছু ব্যাপারীর ছেলে। তিনি দাউদকান্দি উপজেলা বাজারের তুলা ব্যবসায়ী ছিলেন।

হুমায়ুন কবিরের ভাতিজা মিজানুর রহমান হালিম ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, হুমায়ুন কবির প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পরও জ্বর না কমায় গত ২৪ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

রাবির হলে বিছানায় উঠে শিক্ষার্থীর পায়ে কালাচ সাপের কামড়

পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

রাতেই পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে দাউদকান্দির গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। রোববার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে কুমিল্লায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন স্থানে পানি জমে থাকা এবং এডিস মশার প্রজননস্থল বাড়ায় ডেঙ্গুর ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার ও আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস