জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে কৃষক মাসুম আলীর প্রায় ১৫০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তাঁর প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজনগর গ্রামের কৃষক মাসুম আলী ঈদগাহ মাঠ এলাকায় ৩০ শতক জমিতে প্রায় ২০০টি কলাগাছ লাগিয়েছেন। এর মধ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ১৫০টি কলাগাছ কেটে দেয়।
রোববার সকালে বাগানে গিয়ে কাটা অবস্থায় গাছগুলো দেখতে পান মাসুম আলী।
তিনি বলেন, ‘কলাগাছে থোড় আসতে শুরু করেছিল। আর কিছুদিন পরই কলা বিক্রির উপযোগী হতো। এর আগেই দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলায় আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব হোসেন বলেন, কলাগাছ কাটার খবর পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত বাগানটি পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ক্ষতিগ্রস্ত কৃষককে সঙ্গে নিয়ে থানায় যাওয়া হবে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, রাতে কলাগাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস