Dhaka Mail Logo

সারাদেশ

লামায় পাহাড়ে হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

বান্দরবানের লামায় পাহাড়ি এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন জুমচাষি জুমের কাজ করতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে লামা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ছগির লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।

আরও পড়ুন

ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে নিহতের স্বজনেরা মরদেহটি ছগিরের বলে শনাক্ত করেন। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে জানা যাবে।

প্রতিনিধি/এসএস