জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ এএম
শরীয়তপুরের জাজিরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালেরচর ইউনিয়নের দক্ষিণ দড়িকান্দি জোড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জোড়া ব্রিজসংলগ্ন একটি ফাঁকা রাস্তায় বড়কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতি চলছিল। সেখানে ১০ থেকে ১৫ জন ব্যক্তি জড়ো হয়েছেন—এমন খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলের দিকে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। ফলে কেক কাটার আগেই ভেস্তে যায় আয়োজন। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল দেখতে পায় পুলিশ। পরে সেগুলো জব্দ করে জাজিরা থানায় নেওয়া হয়। তবে মোটরসাইকেলগুলোর মালিক কারা এবং সেগুলো কারা ব্যবহার করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মোটরসাইকেলগুলোর মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, গরমবাজারে কেক কাটার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি