জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ এএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন। একই কুকুরের আক্রমণে দুটি গরু ও চারটি ছাগলও আহত হয়েছে। পরে আতঙ্কিত স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করে ধরে মেরে ফেলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল, দেওডোবা ও মনিরাম গ্রামে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন- জামাল গ্রামের আব্দুল হান্নান (৫০), তোফাজ্জল হোসেন (৭০) ও ছবির মিয়া (৫৫), দেওডোবা গ্রামের শিশু সোহাগ মিয়া (৪) ও আতোয়ার রহমান (৫০), এবং মনিরাম গ্রামের জহুরুল ইসলাম (২৫) ও রুবেল মিয়া (৩০)।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে আটটার দিকে একটি কুকুর জামাল গ্রামে ঢুকে পড়ে। সেখানে সেটি কয়েকজনকে কামড় দেয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে মনিরাম গ্রামের গাজীর মোড় এলাকায় গিয়ে কুকুরটি আরও কয়েকজনকে আক্রমণ করে।
এ সময় মানুষের পাশাপাশি দুটি গরু ও চারটি ছাগলকেও কামড়ায়। কুকুরটির একের পর এক আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা একত্রিত হয়ে কুকুরটিকে ধাওয়া করে ধরে মেরে ফেলেন।
স্বজনরা জানান, আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় অ্যান্টিরেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, এ ঘটনার পরপরই প্রাণিসম্পদ দফতরের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাদের অ্যান্টিরেবিস ভ্যাকসিন নিশ্চিত করা হয়।
প্রতিনিধি/এএম