Dhaka Mail Logo

সারাদেশ

মাদক কারবারে বাধা, পিটুনিতে আহত সাবেক যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

ময়মনসিংহ নগরীর কৃষ্টপুরে মাদক ব্যবসা বাধা দেওয়ার ঘটনায় পিটিয়ে যুবদল নেতা রাজা মিয়াকে(৪০) আহতদের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত রাজা মিয়া নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার মমরোজ মিয়ার ছেলে। তিনি মহানগর যুবদল ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর সকালে নগরীর কৃষ্টপুর এলাকায় রাজা মিয়াকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম রাজা মিয়র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিহত রাজা মিয়ার স্ত্রী জোসনা আক্তার ১১ জনের নামে ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় ৩২৬ ধারায় মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি কবিরসহ (৩০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুজন হলেন, বিনু (৩৮) ও নিশাত (২৫)। গ্রেপ্তার প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।

স্থানীয় একটি সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর সকালে নাস্তা খেয়ে রাজা মিয়া ঘরে শুয়ে ছিলেন। এসময় গ্রেপ্তার কবিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন হামলা চালায়। হামলার সময় কবির শাবল দিয়ে রাজা মিয়ার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয় রাজা মিয়া। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে, সেখানে আইসিইউ খালি না থাকায় রাজা মিয়াকে আবারও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে শনিবার বিকালে রাজা মিয়া আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সূত্র আরও জানায়, সম্প্রতি রাজা মিয়া কবির ও তার লোকজনকে মাদক ব্যবসা করতে নিষেধ করে আসছিলেন। এ নিয়ে তাদের মাঝে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জেরে গত ২২ সেপ্টেম্বর রাজা মিয়ার উপর হামলার ঘটনা ঘটে। 

পুলিশের একটি পক্ষ দাবি করছে দুটি পক্ষই মাদক ব্যবসার সাথে জড়িত। তবে, কার নামে কতগুলো মাদক মামলা আছে- তা জানাতো পারেনি।

এবিষয়ে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাকিল বলেন, রাজা মিয়া মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আন্দোলন সংগ্রামে সবসময় দলের সাথে ছিল।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ মর্গে আছে। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী বাদি হয়ে ৩২৬ ধারায় মামলা দায়রর করেছেন। ওই মামলাটি হত্যা মামলায় রুপান্তর হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/ এজে