Dhaka Mail Logo

সারাদেশ

মিছিলের প্রস্তুতি, ছাত্রদলের হাতে আটক আ.লীগের ১১ জন ডিবি হেফাজতে

জেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় তাদের আটক করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, আমরা জানতে পারি— দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নওগাঁয় জড়ো হচ্ছে। এমন তথ্যে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার সেতু এলাকায় অবস্থান নেয়। পরে স্থানীয় বলিহার ও ভীমপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় মিছিলের প্রস্তুতিকালে তাদের ঘেরাও করে আটক করা হয়। খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা এসে তাদের হেফাজতে নেয়।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিব জানান, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার সেতু এলাকা থেকে ১১ নেতাকর্মীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার কোনো নাশকতামূলক পরিকল্পনা তাদের ছিল কি না, সে বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ