Dhaka Mail Logo

সারাদেশ

ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে, এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অনলাইনে হুংকার দিলে হবে না। বাংলাদেশের মাটিতে এখন আসেন। আপনাদের জন্য ফাঁসির মঞ্চ রেডি আছে। আপনাদের জন্য বিচার রেডি আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে, এখনই আসেন ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের শফি মিয়ার বাজার মোড়ে জেলা বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অতীতে উন্নয়নের নামে ঢাকা শহরে কয়েকটি ব্রিজ ও ওভারপাস বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এখনও তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিবাদ কঠোরভাবে রুখে দেওয়া হবে।

তিনি বলেন, যারা ফ্যাসিবাদ, নৈরাজ্য ও সন্ত্রাসের রাজনীতি করে, বাংলাদেশের মাটিতে তাদের কোনো ঠাঁই নেই। অতীতে তারা যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখনও সেই অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রতিহত করে দেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, তারা যখনই ক্ষমতায় এসেছে, লুটপাট করেছে। বাংলাদেশের উন্নয়ন করেনি। জামালপুরের উন্নয়ন করেনি, ময়মনসিংহের উন্নয়ন করেনি। তারা বাংলাদেশের কোথাও উন্নয়ন করেনি। ঢাকা শহরের কয়েকটি ব্রিজ আর ওভারপাস বানিয়ে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। জনগণের সেই অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা জনগণের টাকা। দেশের মানুষের টাকা। যারা জনগণের সম্পদ লুটপাট করেছে এবং দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের একদিন আইনের মুখোমুখি হতেই হবে।

সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, ওয়ারেছ আলী মামুন ও সুলতান মাহমুদ বাবুসহ হাজারো নেতাকর্মী অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

প্রতিনিধি/ এজে