জেলা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মোকাবিলায় বিএনপি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপির নেতাকর্মীরা তাদের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত।
ব্রাহ্মণবাড়িয়ায় এক সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এ হুঁশিয়ারি দেন।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ওই সমাবেশে এমপি শ্যামল জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা যাতে নষ্ট করতে না পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দুই-তৃতীয়াংশ ভোটে জনগণ আমাদেরকে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। আমরা আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে, ডামি নির্বাচন করে আসি নাই। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা ৫ বছরের জন্য জনগণের ভোটে ক্ষমতায় এসেছি’। আমরা তাদের মতো ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব, এরকম কথা বলি না।
জ্বালানি সংকটকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, আমরা ক্ষমতা গ্রহণের পর দুর্ভাগ্য যে, তেল উৎপাদনকারী দেশগুলো বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে। তারা বিগত ৮৬, ৯৬ ও ২০০৭ সালে ফ্যাসিস্ট দলের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল। তাই বিএনপির নেতাকর্মীদের বলছি, জনগণের সাথে সমন্বয় করে চলতে হবে। কারণ তারা আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এলএ