জেলা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান(৪০) ও এরশাদ আলী(৪৫)। তারা দুইজনই ইজিবাইকে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। দুপুর ২টার দিকে ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় একটি অবৈধ রেলক্রসিংয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জমান জানান, রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর অবৈধ রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রতিনিধি/এজে