Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে অসুস্থ ঈগল পাখিকে সুস্থ করলো নগরবাসী

জেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

রংপুর নগরীর স্টেশন রোড এলাকায় সালেক পাম্প সংলগ্ন শাহাজাহান সুপার মার্কেটের ছাদে একটি ঈগল পাখি অসুস্থ হয়ে আটকে থাকতে দেখে পথচারীরা। এ ব্যাপারে বন বিভাগকে দফায় দফায় ফোন করার পরও কোনো সাড়া না পেয়ে এগিয়ে আসেন কয়েকজন যুবক। পরে প্রায় ৩ ঘণ্টা ধরে সেবা যত্ন করে অবমুক্ত করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে অসুস্থ ঈগল পাখিকে অবমুক্ত করা হয়। এর আগে সকাল ১০ টার দিকে বিল বোর্ডের মধ্যে আটকে থাকা অসুস্থ পাখিটিকে দেখতে পাওয়া যায়।

স্থানীয় যুবকদের সাথে কথা বলে জানা যায়, শনিবার সকালের দিকে আশিক নামে এক যুবক মার্কেটের ছাদে উঠলে দেখতে পায় একটি ঈগল পাখি বিল বোর্ডের রডের মধ্যে আটকে পড়ে আছে। পরে সেই যুবক জাতীয় সেবা ৯৯৯ হটলাইনে কয়েক দফা ফোন করে বিষয়টি জানায়। জাতীয় সেবা কর্তৃপক্ষ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এরপর, বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঈগল পাখিকে স্যালাইন পানি খাওয়ানোর কথা বলে। তবে ছুটির দিন বলে তারা আসতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয়।

এদিকে, ঈগল পাখি ‘হিংস্র’ হওয়ায় কেউ তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। পরে কয়েকজন হিংস্রতাকে জয় করে কয়েক ঘণ্টার চেষ্টায় পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক সেবা যত্ন করে অবমুক্ত করে দেয়।

এ ব্যাপারে আশিক মিয়া জানান, ঈগল পাখির বিষয়ে বনবিভাগের সহযোগিতা চেয়েও সহযোগিতা পাওয়া যায়নি। খুবই দুঃখিত একটা ঘটনা। আমাদের মাঝে মানব প্রেম যেমন হারিয়ে যাচ্ছে তেমনি পশুপাখি প্রেমও হারিয়ে যাচ্ছে। যাদের এগিয়ে আসার কথা তারা কেউই এগিয়ে এলো না ঈগল পাখিটার জন্য।

এ বিষয়ে রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করতে কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ অভিযোগের ব্যাপারে বনবিভাগের কারও বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/ এজে