জেলা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির ও চাপ দেওয়ার অভিযোগে জামায়াত-বিএনপির আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের সংশ্লিষ্ট দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াতের সমর্থক মো. মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০) ও বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপির সমর্থক হিসেবে পরিচিত শহীদুল ইসলাম (৫৩)।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে একটি নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হাফিজুরকে আটকের খবর পেয়ে রাত দুইটার দিকে সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় যান। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির করেন। নিষেধ করার পরও তারা বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের আটক করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তারা বারবার তদবির করছিলেন। নিষেধ করার পরও তা অব্যাহত রাখায় তাদের আটক করা হয়।
ওসি আরও বলেন, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। শনিবার সকালে তাদের সংশ্লিষ্ট দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস