উপজেলা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে আসামি মো. আবু তালেব (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।
গ্রেফতার আবু তালেব বাগআঁচড়া সাতভাইর পাড়ার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ মণ্ডল এবং মায়ের নাম মোছা. আনোয়ারা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আবু তালেবকে গ্রেফতার করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার সঙ্গীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার পর আবু তালেবকে শনিবার পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, নিয়মিত মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস