Dhaka Mail Logo

সারাদেশ

গোপালগঞ্জে কলেজছাত্র হত্যায় ২৪ ঘণ্টায় আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

গোপালগঞ্জে কলেজছাত্র জোবায়ের ভূঁইয়া হত্যা মামলার অন্যতম আসামি স্বপন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে নড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে নড়াইলের লোহাগড়া উপজেলার ডিক্রিরচর গ্রাম থেকে স্বপন মোল্লাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন সাহা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

7d7837f4-b42f-4dd7-8bda-89c48a90959d

পুলিশ জানায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের জোবায়ের ভূঁইয়া ও তার বাবা রমজান ভূঁইয়াকে পার্শ্ববর্তী পুকুরিয়া গ্রামের ১০ থেকে ১২ জন মারধর ও কুপিয়ে আহত করেন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জোবায়েরের মৃত্যু হয়।

009b2906-2517-4105-aa6b-78f7f55adeff

এ ঘটনায় নিহত জোবায়েরের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।

নিহত জোবায়ের গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রতিনিধি/এসএস