Dhaka Mail Logo

সারাদেশ

কুষ্টিয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১০, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

কুষ্টিয়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর ও রাজাপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে। গ্রেফতার বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

97ff0dd5-f279-4fc4-9079-ae936660c2d7

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল আলীর সমর্থকদের সঙ্গে খয়েরপুর গ্রামের ইউসুফ মেম্বার ও মেহেদী হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন

মাদক সেবনে বাধা, কলেজছাত্রকে টেঁটা দিয়ে কুপিয়েছে মাদকসেবী

শনিবার সকালে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ো হন। এ সময় হালিম সর্দারও বাড়ি থেকে বের হয়ে ওই দিকে যাচ্ছিলেন। পথে মান্নান মেম্বারের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে তাকে লক্ষ্য করে ফালা ছোড়া হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। ফালাটি হালিমের গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা হালিমের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিনিধি/এসএস