Dhaka Mail Logo

সারাদেশ

বসতঘরে পদ্ম গোখরা

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিঘাট ইউনিয়নের ভুড়ভুড়িয়া চা-বাগানের শ্রমিক কলোনির একটি বসতঘর থেকে সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ভুড়ভুড়িয়া চা-বাগানের শ্রমিক কলোনির বাসিন্দা পদ্মাবতী মুন্ডার বসতঘরে হঠাৎ সাপটি ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে যান। পরে তারা বিষয়টি সাংবাদিক ও সমাজসেবক রাজেশ ভৌমিককে জানান। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দীপ এসে সাপ উদ্ধারের কাজ শুরু করেন। একপর্যায়ে একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পেয়ে তারা বস্তাটি সরিয়ে সাপটির অবস্থান শনাক্ত করেন। পরে সতর্কতার সঙ্গে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা সাপটি পদ্ম গোখরা। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। সময়মতো পরিবারের সদস্যদের নজরে আসায় সাপটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সম্ভাব্য বিপদ এড়ানো গেছে।

পরে উদ্ধার পদ্ম গোখরাটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক বলেন, উদ্ধার সাপটি বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

প্রতিনিধি/এলএ