Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ২ যুবককে গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের জীম্বংখালী সীমান্তের ইশাকের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— টেকনাফের জীম্বংখালী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন (২০) এবং একই এলাকার মৃত জফর আলমের ছেলে রাসেল মিয়া (২১)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, শুক্রবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে নিয়মিত টহলের সময় জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় দুই ব্যক্তিকে মাছের ঝুড়ি হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

আটকের পর তাদের হাতে থাকা মাছের ঝুড়িতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চার কার্টন পাওয়া যায়। এসব কার্টনের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে