উপজেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
চট্টগ্রামের মিরসরাই সাগরপথে মিয়ানমারের পাচারের সময় ৯ শত ৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় এলাকার ১৬ নাম্বার গেইট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
জব্দকৃত সারের আনুমানিক বাজার মূল্য ৩৪ লাখ টাকা। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা জানান, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ৪ টি ট্রাকে করে ১ হাজার ১ শত বস্তা ইউরিয়া সার হাতিয়া নিয়ে যাওয়ার কথা বলে সাগর পথে মিয়ানমারে পাচার করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ শত ৭৫ বস্তা সার জব্দ করা হয়। এছাড়া চারটি ট্রাক ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে বাকী ১২৫ বস্তা সার নিয়ে মাছ ধরার ট্রলারযোগে নিয়ে যায়।
মিরসরাই কোস্ট গার্ডের পিওআর মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ট্রাক ভর্তি বিপুল পরিমাণ ইউরিয়া সার ও তিন জনকে আটক করা হয়েছে। জব্দকৃত সারের আনুমানিক বাজার মূল্য ৩৪ লাখ টাকা। সাগরপথে অবৈধ চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।'
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে জব্দকৃত সার ঘটনাস্থলে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এছাড়া ১টি ফিশিং বোর্ট, ৪টি ট্রাক কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে