Dhaka Mail Logo

সারাদেশ

অষ্টগ্রামে জলমহালের দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের দখল নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুপক্ষ। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় বিলমাকশা জলমহালের ভোগদখল ও ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, বিলমাকশা জলমহালের ভোগদখল ও ইজারা নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। গতবছরও জলমহালের ইজারা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আখড়াবাজার এলাকায় জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জাড়ান দুই পক্ষের লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত ২২ জন চিকিৎসা নিয়েছেন। 

তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন অভিযোগ করে বলেন, বিলমাকশা জলমহালটি গতবছর তিনি ইজারা নিয়েছিলেন। 

চলতি বছরও তিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন। কিন্তু উপজেলা বিএনপির সভাপতি ইজারা কার্যক্রমে বাধা দিচ্ছেন। তার দাবি, শুক্রবার তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে শাহিনের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তার দাবি, শাহিনের সমর্থকরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এআরএম