জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী মো. রাব্বি মন্ডলকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ফারজানা আক্তারের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় ফারজানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে রাব্বি মন্ডল ও তার স্ত্রী ফারজানা আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে শুক্রবার ভোরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাব্বির গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয় বলে অঅভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে ফারজানার বাবা ফয়জার তাদের ফোন করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে জানান। খবর পেয়ে রাব্বির বাবা বাড়িতে গিয়ে ছেলের রক্তাক্ত মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন।
ঘটনার পর ফারজানা আক্তার তার বাবার বাড়ি শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে চলে যান বলে জানা গেছে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা জব্দ করা হয়েছে।
নিহতের বাবা নজরুল মন্ডল অভিযোগ করে বলেন, “রাব্বি ১০ থেকে ১২ দিন আগে শ্বশুরবাড়ি আমতৈল গ্রামে গিয়েছিল। সেখানে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। আজ সকালে খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি, আমার ছেলে রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে আছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”
খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
প্রতিনিধি/ এজে