জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, জ্বালানি বাজার স্থিতিশীল হয়ে দাম কমার সুযোগ তৈরি হলে দ্রুততম সময়ে জনগণকে স্বস্তি দিতে দেশে জ্বালানির মূল্য পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউসে যশোর জেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশেও দাম কমানো হবে।
‘আমরা বলেছি জ্বালানি বাজার স্থিতিশীল হলে জ্বালানির মূল্য যখনই সমন্বয়ের সুযোগ হবে; বাজারের মূল্য কমে আসার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে আমরা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য আরও নিম্নস্তরে মূল্য পুননির্ধারণের চেষ্টা করব।’ -বলেন অনিন্দ্য ইসলাম অমিত।
দেশে এলএনজি সংকট নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে সাময়িক বিলম্ব হলেও দেশের জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে এলএনজি খালাস কার্যক্রম শুরু হয়েছে। দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা করা হচ্ছে।
যশোরবাসীকে সুখবর দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এমআর