জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
নাটোরে দুই শিশুর মধ্যে বিরোধের জেরে ৭ বছরের এক শিশুর ডান হাতের আঙুল কেটে নেওয়ার মামলায় পুলিশ কনস্টেবল শাকিলসহ তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরের বড় হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন সদর থানায় একটি মামলা করেন।
অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবল নাটোর পুলিশ সুপারের কার্যালয় কর্মরত।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাসায় ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির মালিকের স্ত্রী রাশেদা আক্তার পিকনিকের আয়োজন করেন। এসময় বাড়ির মালিকের ৭ বছরের ছেলে মাহমুদের সাথে পুলিশ কনস্টেবল শাকিলের পাঁচ বছরের মেয়ে শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে দুই শিশুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক বিষয়টি উভয় শিশুর মা মীমাংসা করে দেন।
এ ঘটনার বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে শিশু মাহমুদকে জোর করে তার নিজ রুমে ধরে নিয়ে যান পুলিশ কনস্টেবল শাকিল। সেখানে ধারালো বটি দিয়ে শিশুটির ডান হাতের একটি আঙুল কেটে দেন। এসময় শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের আদালতের সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/এলএ