জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
কারখানা খুলে দেওয়া, বকেয়া বেতন পরিশোধ এবং শ্রমিকদের বহিষ্কারের নোটিশ প্রত্যাহারের দাবিতে বরিশালে ‘ভুখা মিছিল’ ও সমাবেশ করেছেন ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে কারখানার গেট থেকে হাতে থালা-বাসন নিয়ে মিছিলটি শুরু হয়। পরে নথুল্লাবাদ সড়ক ঘুরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রমিক সংগ্রাম পরিষদের সহসভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও শ্রমিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী দাবি-দাওয়া পেশ করায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১২ সেপ্টেম্বর কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। একই সঙ্গে সব শ্রমিককে এবং সাতজনকে আলাদাভাবে স্থায়ী বহিষ্কারের নোটিশ দেওয়া হয়েছে।
তারা বলেন, ২৫ সেপ্টেম্বর পার হলেও শ্রমিকরা এখনো আগস্ট মাসের বেতন পাননি। নিয়মতান্ত্রিকভাবে দাবি-দাওয়া জানানোর পরও বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ রাখা এবং শ্রমিক ছাঁটাইয়ের মাধ্যমে ভীতি সৃষ্টি করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে বহিষ্কারের নোটিশ প্রত্যাহার, কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
প্রতিনিধি/এলএ