জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
সাভারের আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, ফলজ গাছ কেটে ফেলা এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মাহবুব আলম সুলতান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান।
অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন আশুলিয়ার দিয়াবাড়ী এলাকার বাসিন্দা মো. মীর আলী, তাসলিমা বেগম, মো. রাকিব হোসেন, মো. ফারুক হোসেন, মো. আলাউদ্দিন, সুনিল চন্দ্র সরকার, রেখা রানী সরকার ও আনন্দ চন্দ্র সরকার।
লিখিত অভিযোগে মাহবুব আলম বলেন, দিয়াবাড়ী এলাকায় তার মালিকানাধীন জমিতে ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। সম্প্রতি ওই জমি দখলের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তিরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছিলেন।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তার জমিতে প্রবেশ করেন বলে অভিযোগ করেন মাহবুব। এ সময় তারা বসতঘরে ভাঙচুর চালান এবং কয়েকটি ফলজ গাছ কেটে ফেলেন। একই সঙ্গে বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে ঘরের বিদ্যুতের তার কেটে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া জমির সীমানা পিলার উপড়ে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় মাহবুব ও তার ভাতিজা বাধা দিলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
মাহবুব আলম বলেন, ‘নিজের কেনা জমিতে আমি বসবাস করতে পারব না? এভাবে আমার ঘর ভাঙচুর করে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। এখন আমি প্রাণভয়ে সেখানে থাকতে পারছি না। প্রশাসনের কাছে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রতিনিধি/এসএস