জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয় লোকজন জানান, মোমিনুল সকালে সরিষাকোল বাজারে সিএনজি অটোরিকশায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তার সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোমিনুলের মৃত্যু হয়।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, সকাল ৬টা ৩৭ মিনিটে সরিষাকোল বাজারে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের সঙ্গে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পারভেজ আহমেদ আরও বলেন, মোমিনুল সিএনজি অটোরিকশার ভেতরে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিনিধি/এসএস