Dhaka Mail Logo

সারাদেশ

ফরিদপুরে এনসিপি নেতার কারখানায় আবারও অভিযান, বিপুল অবৈধ ওষুধ জব্দ

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ এএম

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. বায়েজিদ হোসেন শাহেদের মালিকানাধীন জনতা ল্যাবরেটরিজের আরেকটি স্থাপনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল জব্দ করেছে প্রশাসন। এ সময় কারখানাটির দায়িত্বে থাকা এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ১ নম্বর সড়কের ১/২৮ নম্বর একটি আবাসিক ভবনের নিচতলায় এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০, ফরিদপুর।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশ বলেন, এর আগে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জনতা ল্যাবরেটরিজের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আরেকটি স্থাপনায় অভিযান চালানো হয়।

5a06d817-8b5a-4863-ace2-a70b210230c8

তিনি বলেন, অভিযানে বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ এবং শিশুখাদ্যে ব্যবহারের জন্য রাখা ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে। ল্যাবরেটরিটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মো. সাকিব রহমান আকাশ আরও বলেন, অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের বিভিন্ন ওষুধ তৈরির কাঁচামাল পাওয়া গেছে। এসব কাঁচামাল জব্দ করে ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবনটিতে জনতা ল্যাবরেটরিজের কার্যক্রম যাতে আর পরিচালিত না হয়, সে বিষয়ে ভবন মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে।

9c428e31-cbd8-4de0-a1cb-e38de18c6694

এর আগে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় বায়েজিদ হোসেন শাহেদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজে অভিযান চালায় জেলা প্রশাসন। ওই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।

ope

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বায়েজিদ হোসেন ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অনুমোদন ছাড়া কারখানাটি পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় সেখানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরির তথ্য পাওয়া যায়। ওই অভিযানে বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হাবিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন।

operation

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬ (১) ধারা লঙ্ঘনের অভিযোগে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়।

এদিকে, অবৈধ ওষুধ তৈরির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে সাজা পাওয়ার পর বৃহস্পতিবার বায়েজিদ হোসেন শাহেদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এনসিপি। দলটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস