Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

নাটোরে খেলাধুলাকে কেন্দ্র করে সাত বছরের এক শিশুর ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শাকিল নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের বড়হরিশ পশ্চিম চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন বলেন, বুধবার রাতে বাসায় ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়। এ সময় দুই শিশু খেলাধুলা করতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উভয় শিশুর মা বিষয়টি মীমাংসা করে দেন।

মাহমুদুল হাসানের অভিযোগ, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল তার ছেলেকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে বটি দিয়ে শিশুটির ডান হাতের একটি আঙুল কেটে দেওয়া হয়।

police

শিশুটির কান্নার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস