Dhaka Mail Logo

সারাদেশ

ক্যাথলিক চার্চে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ১, উদ্ধার মা মারিয়ার মূর্তি

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ এএম

বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর এবং মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় মো. ফায়জুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফায়জুলের দেওয়া তথ্য অনুযায়ী চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

পুলিশ সুপার জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দার দেয়ালে লাগানো কাচের বক্স ভাঙচুর করেন ফায়জুল শেখ। পরে ওই বক্সের ভেতর থেকে মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন।

এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শঙ্কর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেপ্তার করে।

বাগেরহাট পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ফায়জুল শেখের দেওয়া তথ্য অনুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালিয়ে পানি থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মা মারিয়ার মূর্তির কপালের উপরের টিপটি তিনি স্বর্ণের তৈরি মনে করেছিলেন। এ কারণে মূর্তিটি নিয়ে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে কেন তিনি মূর্তিটি নিয়ে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

পুলিশ জানায়, গ্রেপ্তার ফায়জুল শেখকে বৃহস্পতিবার রাতেই আদালতে সোপর্দ করা হবে।