জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ এএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিলন মোল্লা (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার মিলন মোল্লা উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত মিলন ২০১৮ সালের ২ জুলাই প্রতিবেশী মাইগ্রামের এক গৃহবধূকে পুকুরপাড়ের ক্ষেতে সবজি আনতে গেলে জোরপূর্বক ওড়না দিয়ে মুখ বেঁধে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহমুদা খাতুন আসামি মিলনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি মিলন পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশ উপজেলার তেলকাড়া গ্রামে অভিযান চালায় এবং তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, 'গোপন সংবাদ পেয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।'