জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ এএম
যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে চৌগাছার ভ্যানচালক ইখলাস হোসেনের (২৯) লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ভ্যান ছিনিয়ে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ইখলাসকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদে ফেলে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে মো. মেহেদী হাসান এবং বিষহরি গ্রামের মোস্তফা কামালের ছেলে আশরাফুল আলম। নিহত ইখলাস চৌগাছা উপজেলার স্বরূপদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন ইখলাস। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এর মধ্যে ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়ায় মারুফ মল্লিকের ব্রয়লার ফার্মের পেছনে কপোতাক্ষ নদে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সেটি ইখলাসের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় ইখলাসের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফ হোসেন জানান, মামলার তদন্তে তাঁর নেতৃত্বে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী ও তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা রেজাউল করিমসহ পুলিশের একটি দল কাজ শুরু করে।
তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে মেহেদী হাসানকে যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রাম থেকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিকরগাছার গঙ্গানন্দপুর এলাকা থেকে আশরাফুল আলমকে আটক করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক দুজনই ইখলাসকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইখলাসের ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
এএসপি আরিফ হোসেন বলেন, ভ্যানটি বিক্রি করে অর্থ লাভের উদ্দেশ্যে ইখলাসকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। হত্যাকাণ্ডে চেতনানাশক ব্যবহার করা হয়। পরে লাশ গোপন করার উদ্দেশ্যে কপোতাক্ষ নদে ফেলে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এসটি