Dhaka Mail Logo

সারাদেশ

ভর্তি ফরমে শেখ মুজিব-হাসিনার ছবি, ৪ শিক্ষক-কর্মচারীকে শোকজ

জেলা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ভর্তি ফরমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান ও শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ছবিযুক্ত পুরনো ফরম বিতরণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চান্দলা করিম বক্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাসার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

শোকজপ্রাপ্তরা হলেন-  ভর্তি কার্যক্রমের দায়িত্বে থাকা কলেজ শাখার ইনচার্জ প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক আল-আমিন, ল্যাব সহকারী সাকিব ও ফাহিম মিয়া।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ওই বিতর্কিত ফরমগুলো বিতরণ করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর তাৎক্ষণিক বিতরণকৃত ফরমগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হয় এবং পরবর্তীতে নতুন ফরম সরবরাহ করা হয়।

এ ঘটনায় ভর্তি কার্যক্রমের দায়িত্বে থাকা কলেজ শাখার ইনচার্জ প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক আল-আমিন, ল্যাব সহকারী সাকিব ও ফাহিম মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাদের।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দুই বছর পরও একটি শিক্ষা প্রতিষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রীর স্লোগান ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ছবি সম্বলিত ফরম কীভাবে শিক্ষার্থীদের হাতে পৌঁছাল— তা নিয়ে স্থানীয় ও অভিভাবকদের মাঝে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চান্দলা করিম বক্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘২১ সেপ্টেম্বর ফরম বিতরণের দিন আমি প্রতিষ্ঠানের কাজে কুমিল্লায় অবস্থান করছিলাম। তাই বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত ছিলাম না। পরে প্রতিষ্ঠানে ফিরে এসে ঘটনাটি জানতে পারি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। তার নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রমের দায়িত্বে থাকা চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব পাওয়ার পর গভর্নিং বডির সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি নিয়ে চান্দলা করিম বক্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাসার সরকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অসাবধানতা বা দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। শোকজের জবাব হাতে পাওয়ার পর গভর্নিং বডির সভা ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এটি স্রেফ অবহেলা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ