Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লার ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪

জেলা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলার ১৮ থানায় একযোগে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নগরীসহ বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পূর্বের অপরাধে সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এর প্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ, ডিবি পুলিশ এবং র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।

ওসি বলেন, ‘কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাওয়ায় জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা কিশোর গ্যাং নির্মূলে কাজ করছি। জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানার এলাকায়, যেখানে বখাটেদের উৎপাত রয়েছে সেসব স্থানে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে জন্য আটক করা হয়েছে। আগের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কিশোর গ্যাংয়ের সদস্যরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান ওসি তৌহিদুল আনোয়ার।

প্রতিনিধি/এমআর