Dhaka Mail Logo

সারাদেশ

১১ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রীর, সহপাঠীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ

জেলা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

নড়াইল সদর উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রী কিশোরী ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হলেও ওই কিশোরীর সন্ধান পায়নি পুলিশ। এদিকে, আসামিরা পলাতক থাকায় উদ্বেগের মধ্যে সময় কাটছে ভুক্তভোগী পরিবারের সদস্যদের।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরীর বাড়িতে গিয়ে দেখা যায়, তাকে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারটির সদস্যরা।

নিখোঁজ স্কুলছাত্রীর পরিবার জানায়, গত (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে নিজ গ্রাম থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনার পরের দিন ওই কিশোরীর সহপাঠী (ক্লাসমেট) এক ছাত্রকে প্রধান আসামি ও ওই ছাত্রের মা, বোন, ভগ্নিপতি ও প্রতিবেশী বন্ধুকে আসামি করে থানায় মামলা করেছেন কিশোরীর ভাই।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিত সহপাঠী কিশোর। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই কিশোরীকে অপহরণের পরিকল্পনা করে সে। বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে ওই কিশোরের মা, বোন ও ভগ্নিপতিকে অবহিত করা হয়। কিন্তু তারা অভিযোগ আমলে নেননি। বরং ওই কিশোরীর সঙ্গে প্রেম করতে অভিযুক্ত কিশোরকে উদ্বুদ্ধ করেন। একপর্যায়ে পরিবারের ইন্ধন এবং এক বন্ধুর সহযোগিতায় (১৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ওই কিশোরী বিদ্যালয় থেকে ফেরার পথে তাকে অপহরণ করে সহপাঠী ছাত্র।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অপহরণের পর থেকেই ওই কিশোরীকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে অভিযুক্ত কিশোরের বাড়িতে গিয়ে সন্ধান চায় কিশোরীর পরিবার। এ সময় মেয়েকে ফেরত দেবে বলেন জানান ওই কিশোরের মা–বোন। কিন্তু ফেরত না দিয়ে কৌশলে কিশোরীকে নিয়ে পালাতে ওই কিশোর ও তার বন্ধুকে সহায়তা করেন তারা। একপর্যায়ে কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে মামলার আসামিদের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। বাড়ির দরজায় তালাবদ্ধ অবস্থায় রেখে আসামিরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছেন। এরপর বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বলেন, ওই মামলায় এক আসামিকে আমরা গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিলাম। অন্য দুজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। পরে গত রোববার তিনজন (অভিযুক্ত কিশোরের মা, বোন ও ভগ্নিপতি) আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে এসেছেন। প্রধান দুই আসামির (এক নম্বর আসামি অভিযুক্ত কিশোর ও তার বন্ধু দুই নম্বর আসামি) অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। এ কারণে তাদের ধরা বা কিশোরীকে উদ্ধার করা যাচ্ছে না। আমরা তাদের খুঁজছি।

প্রতিনিধি/টিবি