Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

গাজীপুরের এক ঝাল মুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। তাদের স্থানীয় কেপিজে-বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

রাফিজ খুলনার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আটক ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় রাফিজ একটি দোকানে ঝাল মুড়ি খাচ্ছিলেন। এসময় পাশের আরেকটি দোকানের ঝাল মুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডা ও চিৎকার চেঁচামেচি করছিলেন। রাফিজ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপস্থিত আরও দুজনসহ রাফিজের ওপর হামলা চালান। হামলায় রাফিজের পেটের ডানপাশে গভীর ক্ষত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাফিজের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাতে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝাল মুড়ি বিক্রেতা আতাউর রহমানকে পুলিশ আটক করে।

 

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এস আই) শফিক আহমেদ জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে।

প্রতিনিধি/টিবি