Dhaka Mail Logo

সারাদেশ

ফরিদপুরে সারভর্তি নসিমন জব্দ, ডিলারকে জরিমানা

জেলা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএম

ফরিদপুরে নির্ধারিত গন্তব্যের বাইরে সার পরিবহনের অভিযোগে ২৪ বস্তা সারসহ একটি নসিমন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিকে জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তের নকুলহাটি বাজারের দোকান থেকে গোড়দিয়া বাজারের খুচরা সার বিক্রেতা ওহিদের কাছে ২৪ বস্তা সার হস্তান্তর করা হয়। 

পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই সার নির্ধারিত গন্তব্য গোড়দিয়া বাজারে না নিয়ে কানাইপুরের দিকে পরিবহন করা হচ্ছে। বিষয়টি যাচাই করতে কানাইপুর সড়কে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে ২৪ বস্তা সারসহ একটি নসিমন জব্দ করা হয়। 

এ সময় নসিমনের চালক এরশাদের কাছে সার পরিবহনের সংশ্লিষ্ট কোনো রশিদ পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট ডিলার সুভাষ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি উপস্থিত ছিলেন।

এদিকে বহুদিন ধরে স্থানীয় কৃষকরা অভিযোগ করে আসছেন, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জন্য বরাদ্দ করা সারের একটি অংশ ডিলার সুভাষ দত্ত কানাইপুরে তার নিজস্ব দোকানে নিয়ে রাখেন। ফলে আটঘরের কৃষকেরা সময়মতো সার না পেয়ে অন্যত্র থেকে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। 

এছাড়া নকুলহাটি বাজারের ডিলার দোকানটি নিয়মিত খোলা হয় না এবং বরাদ্দের সারও নির্ধারিত সময়ে সরবরাহ করা হয় না বলে অভিযোগ রয়েছে। এতে চাষের মৌসুমে সার সংকটে পড়ে বাড়তি দামে সার কিনতে হচ্ছে তাদের।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, কৃষকদের জন্য সরকার বরাদ্দকৃত সার সুষ্ঠু ও নির্ধারিত ব্যবস্থাপনায় বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই নিয়মিত তদারকি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএইচ