জেলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম
জামালপুরের ইসলামপুর থেকে নিখোঁজ হওয়া ১৬ বছরের এক কিশোরীকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া কিশোরী মিম আক্তার (১৬) জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার বাসিন্দা।
গত ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজাবাদ এলাকা থেকে হেঁটে ইসলামপুর বাজারে যাওয়ার সময় মিম নিখোঁজ হয়। পরে এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ কিশোরীকে উদ্ধারে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা-রংপুর এবং এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের যৌথ অভিযানিক দল। এরই মধ্যে অভিযানিক দলটি গোবিন্দগঞ্জ থানাধীন কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের একটি বাড়ির সামনে থেকে কিশোরীকে উদ্ধার করে।
এসআরবি-১৩ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, সমাজের বিভিন্ন অপরাধ প্রতিরোধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে