জেলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৯২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকা জব্দসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালেে দিকে জেলার পলাশবাড়ী পৌরসভা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন— গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে খাজা আল মামুন (৪৭) এবং একই গ্রামের সুরুজ জামালের ছেলে মো. সজিব (২৪)।
এসআরবি-১৩-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাশবাড়ীর বগুড়া থেকে রংপুরগামী মহাসড়কের পশ্চিম লেনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএস লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের দুই আসনের যাত্রী খাজা আল মামুন ও সজিবের দেহ তল্লাশি করে তাদের পরিহিত প্যান্টের পকেট থেকে দুটি নীল রঙের এয়ারটাইট পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটির ভেতর বিশেষ কায়দায় রাখা ছিল ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ এক লাখ টাকাও জব্দ করা হয়।
এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও টাকা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এজে