Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে বরিশাল মহানগরীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

ব্রাদার্স স্টোর্সের দোকানি মো. তামিম বলেন, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থলের কাছে থাকা এক নারী চা দোকানি বলেন, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কয়েকজনকে জয় বাংলা স্লোগান দিতে দিতে পালিয়ে যেতে দেখেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সড়কের মধ্যে কিছু বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। তবে আশপাশে কোনো আলামত পাওয়া যায়নি। শব্দের উৎস কী ছিল, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করছে পুলিশ।

প্রতিনিধি/ এজে