জেলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (৪২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং অজ্ঞাতপরিচয় আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরাশ্রম এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মহিউদ্দিন, জামাল হোসেন ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। অপর তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এআর