Dhaka Mail Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে দুই শিক্ষার্থী চারদিন ধরে নিখোঁজ

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

‎লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়টি নিশ্চিত করেন রায়পুর ‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।

এর-আগে, রোববার সকালে স্কুলে ও মাদরাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। মঙ্গলবার রাত ১০টায় নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের অভিভাবক এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেনসহ স্বজনেরা।

‎নিখোঁজ আরাফাত সায়েম (১৪) কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজিবাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

‎অন্যদিকে নিখোঁজ মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪) গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

‎নিখোঁজ শিশু সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, ‘রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিন আর বাড়িতে ফেরেনি।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামের দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরি করা হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এজে