Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় রোকেয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্টেশন এলাকায় ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোকেয়া বেগম একটি লোকাল বাস থেকে ইলিয়টগঞ্জ বাসস্টেশনে নামেন। পরে ইলিয়টগঞ্জ বাজারে যাওয়ার জন্য ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী এশিয়া ট্রান্সপোর্টের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিচয় নিশ্চিত করে স্বজনদের খবর দেওয়া হয়।

নিহতের মেয়ে লিপি আক্তার থানায় কান্নায় ভেঙে পড়ে বলেন, তার বড় বোন গৌরীপুরে থাকেন। সেখান থেকে রোকেয়া বেগম নিজের বাড়িতে ফিরছিলেন। ইলিয়টগঞ্জ বাসস্টেশনে নেমে সড়ক পার হওয়ার সময় বাসের চাপায় তার মৃত্যু হয়।

এসআই ফারুক ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস