উপজেলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলায় ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত তার স্ত্রী ময়ূরী বেগম হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির ফারুক হোসেন খোকনের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন শরীয়তপুরের গোসাইরহাট থানার রানীশাহ গ্রামের মৃত নুরু ব্যাপারীর ছেলে। আহত ময়ূরী বেগম একই গ্রামের জয়নাল মাদবরের মেয়ে। তাদের ফাহিম (১০), ফাতেমা (৪) ও ফিরিস্তা (১) নামের তিনটি শিশু সন্তান রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শামীম ও ময়ূরীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বাসার দরজার সামনে ময়ূরীর গলায় ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
ছুরিকাঘাতে আহত ময়ূরী গলা চেপে ধরে দৌড়ে বাড়ির বাইরে চলে যান। এ সময় শামীম ঘরের দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ফতুল্লা মডেল থানা পুলিশ ময়ূরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই মোস্তফা বলেন, তাদের তিন সন্তানই শিশু। কী কারণে শামীম এমন ঘটনা ঘটিয়েছেন, তাৎক্ষণিকভাবে তারা এ বিষয়ে কিছু জানাতে পারেননি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, আহত নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস