Dhaka Mail Logo

সারাদেশ

শাকের জমিতে পাওয়া গেল ব্যাগভর্তি ককটেল ও বোমা

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

রাজশাহীতে শাকের জমি থেকে ব্যাগ ভর্তি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে এসআরবি (পূর্বনাম র‌্যাব)। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নগরীর তালপুকুরিয়া সিটিহাট এলাকার পুঁইশাকের জমি থেকে এসব উদ্ধার করা হয়।  

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, তালপুকুরিয়া সিটিহাট থেকে কামালচত্বর সড়কের পাশে পুঁইশাকের ক্ষেতে শপিং ব্যাগের মধ্যে বোমাসদৃশ বস্তু পড়ে রয়েছে। পরে এসআরবি-৫-এর আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে দুটি শপিং ব্যাগ দেখতে পায়। 

বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল এবং একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিডিমূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।

এএইচ