Dhaka Mail Logo

সারাদেশ

১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

উপজেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

মৎস্য অধিদফতরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।

মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি আলহাজ্ব মহসিন মিলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ মৎস্য অধিদফতরের একটি চিঠি আমাদের কাছে এসেছে। সেখানে বেশ কিছু অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তে ইলিশ আমদানি বন্ধ রয়েছে। এতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন।

আরও পড়ুন

ইলিশের দাম আকাশছোঁয়া, উৎপাদনে টানা পতন

ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি কেন?

ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ করে আমদানি বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। তিনি বলেন, আমদানির উদ্দেশে ওপারে তাদের কেনা ইলিশ রাখা হয়েছিল। এখন কম দামে তা ফেরত দিতে হবে। এ ছাড়া আমদানি খরচের লোকসান তো রয়েছে।

দেশের বাজারে ইলিশের জোগান কমে যাওয়ায় এবার প্রথমবারের মতো ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। গত দুই মাসে ভারতের গুজরাতের ভরুচ এবং পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছবাজার থেকে শত শত মেট্রিক টন ইলিশ দেশে এসেছে। 

বিশ্বের মোট ইলিশের বড় অংশ বাংলাদেশে আহরণ করা হলেও চলতি মৌসুমে ইলিশের জোগান কমেছে। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ব্যবসায়ীদের একটি অংশ ভারত থেকে ইলিশ আমদানির পথে হাঁটেন। 

প্রতিনিধি/এজে