জেলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
শেখ ফরিদুল ইসলাম বলেন, নতুন গ্রামীণ সড়ক নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দফতরে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচি যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা থাকলেও হাসপাতালে আসা ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দল-মত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিশৃঙ্খলা ঠেকাতে চিহ্নিত গুপ্তদের নজরদারিতে রাখার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানো হলে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।
সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা জেলার বিভিন্ন সমস্যা, করণীয় ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
এমআর